সামরিক বাহিনীর অভিযানে মেক্সিকোর শীর্ষ মাদক হোতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

২১ নভেম্বর ২০২৬

সামরিক বাহিনীর অভিযানে মেক্সিকোর শীর্ষ মাদক হোতা গ্রেপ্তার

Mexico drug Lord El Chapo Isidro

মেক্সিকোর সামরিক বাহিনী নাটকীয় এক অভিযান চালিয়ে দেশটির এক মাদক অপরাধী চক্রের শীর্ষ হোতাকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ পলাতক আসামির তালিকায় এই হোতার নাম আছে।

স্থানীয় সময় ২০ নভেম্বর রাতে মেক্সিকোর সিনালোয়া রাজ্যে চালানো এই অভিযানের সময় ব্যাপক গোলাগুলি শুরু হলে পাশের একটি বেসবল ম্যাচের দর্শকরা আতঙ্কে স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যান।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেসকে (যিনি ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত) গ্রেপ্তার করা হয়েছে। তিনি গুয়াসাভেভিত্তিক অপরাধী চক্র ‘মেজা-ফ্লোরেস ক্রিমিনাল অর্গানাইজেশন’ বা ‘লস মাজাতলেকোস’ এর প্রধান।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘অভিজাত সামরিক বাহিনী’ অত্যন্ত ‘গোপনীয়তা ও আকস্মিকতার’ সঙ্গে অভিযানটি পরিচালনা করে লক্ষ্যবস্তুতে পৌঁছায়। গ্রেপ্তারের পর মেজা-ফ্লোরেসকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়েছে।

সিএনএন জানিয়েছে, মেজা-ফ্লোরেসকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা এফবিআইয়ের ওয়ান্টেড পোস্টার অনুযায়ী, ফ্লোরেস যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ ‘হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানাইল এবং গাঁজা পাচার, মজুত ও বিতরণের’ সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে।

এতে আরও বলা হয়, এর আগে ২০১৯ সালে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এবং ২০১২ সালে মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

২০১৩ সালের এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছিল, মেজা-ফ্লোরেস কার্টেল প্রতিদ্বন্দ্বী সিনালোয়া কার্টেলের সঙ্গে ‘এলাকা দখলের চরম সহিংস লড়াইয়ে’ লিপ্ত ছিল। তখন সিনালোয়া কার্টেলের নেতৃত্বে ছিলেন কুখ্যাত মাদক অপরাধী হোয়াকিন “এল চাপো” গুজমান; যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগ করছেন।

শুক্রবার মেজা-ফ্লোরেসকে গ্রেপ্তারের এই অভিযানকে কেন্দ্র করে গুয়াসাভেতে মেক্সিকান সামরিক বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গুয়াসাভে মেক্সিকোর কৃষিপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান শুরুর পরপরই নিরাপত্তা বাহিনী ‘গোলাগুলি ও বিস্ফোরকের হামলার শিকার হয়’ আর সন্ত্রাসীরা ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েকটি ছোট শহরের রাস্তা অবরোধ করে রাখে।

সিএনএনের যাচাই করা নাটকীয় এক ভিডিও ফুটেজে দেখা গেছে, মেক্সিকান নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টারগুলো গুয়াসাভে শহরের আকাশে চক্কর দিচ্ছে এবং নিচের দিকে বৃষ্টির মতো গুলি ছুড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ শহরে ‘ফেডারেল কর্মীদের ওপর হামলার’ বিষয়টি নিশ্চিত করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত