যুক্তরাষ্ট্র প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬
সমাবেশে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান। ছবি-বিডি প্রতিদিন।
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় নিউইয়র্ক স্টেট বিএনপির আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে বসবাসের সময় যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। মানবিক গুণে গুনান্বিত প্রধানমন্ত্রীর সুৃস্বাস্থ্য কামনা করছি এবং একইসাথে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের জন্য সারাটি জীবন উৎসর্গকারী বেগম খালেদা জিয়াকে। আমি তার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনাও করছি’।

গত ১৭ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলের এ সমাবেশে বিশেষ সম্মানিত অতিথি ছিলেন মূলধারার আরেক রাজনীতিক ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল। তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ-এই চেতনায় উজ্জীবিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্খিত সাফল্য অর্জন করুক-এ কামনা পরম করুণাময়ের কাছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের দূরদর্শি নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রে ফিরেছে, উন্নয়নের পথে এগুচ্ছে-এটাই আমাদের পরম পাওয়া।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহসান সাঈদের পরিচালনায় এ আলোচনা সভা শুরু হয় রূপসী চাঁদপুৃর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। আলোচনায় আরো অংশ নেন স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ভিপি। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সৈয়দা মাহমুদা শিরিন, আনিসুর রহমান, আরিফুর রহমান, রইসউদ্দিন, আলমগীর হোসেন, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন, এম এ কাইয়ুম, খাদেমুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতিসহ নেতৃবৃন্দ। এ সময় বিএনপি নেতা আনিসুর রহমান সকরের দোয়া চেয়েছেন পবিত্র হজে গমন উপলক্ষে।