নিউজ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬
Mirza Fakhrul Islam
স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে না পারার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের এ প্রার্থী বলেছেন, “আমি একজন মুক্তিযোদ্ধা, আর যুদ্ধের সময় জামায়াত একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারি না।”
২ ফেব্রুয়ারি বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে নির্বাচনি গণসংযোগের সময় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আজকে একটা দল আছে, জামায়াতে ইসলাম, তারা অনেক কথা বলতেছে তাই না, এমন কথা বলে অনেক কিছু করবে, দেশের সবকিছু করবে।
“আমার কথা খুব পরিষ্কার- আমি একজন মুক্তিযোদ্ধা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। ওই সময় যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছে, যারা বাংলাদেশ চায়নি, তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার পক্ষে আমি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।”
হিন্দুদের নিরাপত্তা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমার হিন্দু ভাই-বোনের অনেকে বলছেন, ‘আমাদের সুরক্ষা’। আমরা আপনাদের গ্যারান্টি দিতে পারি, এই রাষ্ট্র আপনাদেরকে নির্বাচনের ব্যাপারে সব ধরনের সুরক্ষা দেবে।
“আর আমরা আপনাদের পাশে থাকব। আমি মির্জা আলমগীর আপনাদের বলছি, আপনাদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না ইনশাআল্লাহ।”
বিগত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছর কিন্তু নির্বাচন করতে পারিনি। আমরা সেজন্য আন্দোলন-সংগ্রাম করেছি; আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই ১২ তারিখের ভোটটা নিয়ে এসেছি। এই ভোটে আমাদের একটা সুবিধা আছে, এখানে কোনো জবরদস্তি হবে না।
“সবাই নিজের মত করে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। আর এই ভোটকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সব শক্তি থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণও থাকবে ভোটটাকে পাহারা দেওয়ার জন্য।”
আগামী দিনে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, দেশের উন্নয়ন এবং হিন্দু-মুসলমান ভাই-বোনদের উন্নয়নের জন্য একজোট হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে কাজের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।