নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬
Hindu leaders meet Tarique Rahman
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন।”
সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।
বৈঠকের পর জয়ন্ত কুমার দেব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। তিনি আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস তিনি দিয়েছেন।”
জয়ন্ত বলেন, “চব্বিশ সালের ৫ অগাস্টের পর আমাদের ওপর যেসব নিপীড়ন-নির্যাতন হয়েছে, আমরা বিচার বঞ্চিত হয়েছি; বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে চাকুরিচ্যুত করা হয়েছে এই বিষয়গুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর করেছি।
“আমরা সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন, দেবোত্তর সম্পত্তি আইন ইত্যাদি বিষয়গুলো নিয়েও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, “প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।”