নিউজ ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬
Meghan and her Father Thomas
ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধু, প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা টমাস মার্কেলকে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি দপ্তর এক বিবৃতিতে জানায়, ফ্লোরিডার লেকল্যান্ডের বাসিন্দা ৮২ বছর বয়সী মার্কেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি রাখার একটি অভিযোগ আনা হয়েছে। শুক্রবারই ট্যাম্পার একটি আদালতে তাকে হাজির করার কথা রয়েছে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম সহকারী অ্যাটর্নি বিল এসাইলি বলেন, “মার্কলের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে নিজের ছবিসহ শিশু যৌন নির্যাতনমূলক সামগ্রী রাখার অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং আমরা ফেডারেল আইন অনুযায়ী মি. মার্কেলের সর্বোচ্চ শাস্তির জন্য মামলা পরিচালনা করব।”
মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন টমাস মার্কেলকে গ্রেপ্তার করেছে। মেগান মার্কেলের একজন মুখপাত্রের কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি, জানিয়েছে রয়টার্স।
গ্রেপ্তারের খবরটি প্রথম প্রকাশ করে ‘ডেইলি মেইল’। তারা জানায়, শিশু যৌন নির্যাতনমূলক সামগ্রী রাখার অভিযোগে টমাস মার্কেলকে লেকল্যান্ডে তার প্রবীণ আবাসন কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ডেইল মেইল আরও জানায়, মেক্সিকো এবং ফিলিপিন্সের একটি স্টোরেজ ইউনিটেও একই ধরনের সামগ্রী পাওয়া গেছে।