আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬
যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবেন। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ খবর নিশ্চিত করেন।
লেভিটি বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, আলোচনার উদ্দেশ্যে বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনার আগামীকাল সকালে আবারও পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) আহ্বানে সাড়া দিয়ে ইরানিরা এই সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা আশাবাদী, এটি একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং চুক্তির পথে এগোবে।’
এর আগে গত ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হয়েছিল। প্রায় ২১ ঘণ্টার সেই বৈঠক সমঝোতা ছাড়া শেষ হয়েছিল। তখন মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এবার তিনি থাকছেন না।
লেভিট জানান, ভ্যান্স এখনো পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। তবে আপাতত তিনি যাচ্ছেন না।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ‘প্রয়োজন হলে যেকোনো মুহূর্তে পাকিস্তানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছেন।’
ট্রাম্পের ব্যবসায়িক সহযোগী থেকে বৈশ্বিক আলোচক হওয়া উইটকফ এবং ট্রাম্পের জামাতা কুশনার গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে যৌথ হামলার ঠিক আগমুহূর্ত পর্যন্ত তেহরানের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন। হামলার পর তেহরান তাঁদের বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ আনে।
পাকিস্তানে প্রথম দফার আলোচনা শেষে ভ্যান্স জানিয়েছিলেন, পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি ইরান প্রত্যাখ্যান করেছে।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে প্রাথমিকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। ২২ এপ্রিল এ যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। সূত্র: এএফপি