পুলিশের প্রহরায় মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ধর্মীয় মূল্যবোধের ‘চরম পরিপন্থি’: জি এম কাদের

ঢাকা সংবাদদাতা

২৬ অক্টোবর ২০২৬

পুলিশের প্রহরায় মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ধর্মীয় মূল্যবোধের ‘চরম পরিপন্থি’: জি এম কাদের

Freedom Fighter Manik Pashari

পিরোজপুরে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ ১৫ ঘণ্টা পর পুলিশের প্রহরায় দাফন করাকে ধর্মীয় মূল্যবোধের ‘চরম পরিপন্থি’ হিসেবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ ঘটনাকে স্বাধীন বাংলাদেশের ‘লজ্জা’ হিসেবেও দেখছেন তিনি।

২৪ অক্টোবর রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর (৮৭) দাফন সম্পন্ন হয়।
এর আগে এ মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানানো এবং পিরোজপুরে কবর দিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ তোলেন স্বজনরা।
পরে পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় লাশ সরিয়ে নেওয়া হয় পুলিশ লাইনসে। সেখানে বিকাল ৫টার দিকে গার্ড অব অনার শেষে নিরাপত্তায় লাশ ঘিরে রাখা হয়। সোমবার জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এ ঘটনার ‘তীব্র নিন্দা ও ক্ষোভ’ জানান জিএম কাদের।

পরিবারের অভিযোগের বরাতে তিনি বলেন, “খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়ায় তার মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খুঁড়েছেন। এই দৃশ্য শুধু হৃদয়বিদারক নয়, রাষ্ট্র ও সমাজের জন্য অশনিসংকেত।”

তিনি বলেন, “পিরোজপুরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে মৃতদেহের অসম্মান ও শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এটি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও চরম পরিপন্থি।”

পুলিশ লাইনসে গোপনে ‘গার্ড অব অনার’ দেওয়ার খবরও উদ্বেগজনক বলে মন্তব্য করে জিএম কাদের বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান কেন আড়ালে দিতে হবে? এমন পরিস্থিতি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় সরকারের দৃঢ়তাকেই প্রশ্নবিদ্ধ করে। স্বাধীনতাবিরোধী কোন শক্তির চাপের কাছে প্রশাসন নতি স্বীকার করতে পারে না।

“বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার পাশাপাশি দেশের সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায় বর্তমান সরকারের। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও গাফিলতি খতিয়ে দেখতে হবে। সরকার এই দায় এড়াতে পারে না। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা এবং সব মুক্তিযোদ্ধা পরিবার ও মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

একজন মুক্তিযোদ্ধার শেষবিদায়ের মর্যাদাও রক্ষা করতে না পারাকে গোটা জাতির ব্যর্থতা বলেও মনে করছেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত