বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা সংবাদদাতা

০২ আগস্ট ২০২৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

দুবাইতে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে শুরু করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ২ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “ফিরিয়ে আনার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া শুরু করতেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে, আলাপ-আলোচনা চলছে। অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের জানাব।”

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ সেখানে জামিনে মুক্তি পেয়েছেন বলে একইদিন খবর দিয়েছে দেশের কয়েকটি সংবাদমাধ্যম।

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া পোস্ট লিখেছে, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীরের জামিন আবেদন মঞ্জুর করে। সব আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই কারামুক্ত হন সাবেক আইজিপি।

জামিনের ক্ষেত্রে আদালত শর্ত দিয়েছে, বেনজীরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

এদিকে ঢাকায় পুলিশ সদরদপ্তরে ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এখনো বেনজীরের মুক্তির বিষয়ে কিছু জানে না।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদরদপ্তরে এআইজি এ এইচ এম শাহদাত হোসাইন বলেন, সংবাদমাধ্যমে আসা খবরটি তিনি দেখেছেন এবং এ ব্যাপারে এনসিবির সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন।

“তারা আমাকে বলেছে, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।”

বেনজীরের জামিনে বেরিয়ে যাওয়ার বিষয়ে আরেক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন বলেন, “এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা আপডেট পাবেন। আমি তো এইমাত্র মিটিং থেকে আসলাম। আপনাদেরকে জানানোর মতো কিছু এখনও আমি জানতে পারিনি।”

এদিকে সংবাদমাধ্যমে খবর আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বেনজীর আহমেদের জামিন আদেশ যেন আদালত বাতিল করে, সেজন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে আইনি প্রতিষ্ঠান নিযুক্ত করেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

নঈম নিজামের মা আর নেই

০৮ জানুয়ারি ২০২৬