ঢাকা সংবাদদাতা
০৬ জুন ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার (৫ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শনিবার (৬ জুন) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ফিদান শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখা জুলাই বিপ্লবের জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবিচল কূটনৈতিক সমর্থন ও অব্যাহত অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সার্বিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়।
এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে বৃহত্তর সহযোগিতা বৃদ্ধির জন্য শক্তিশালী বিনিময় কর্মসূচি তৈরির গুরুত্বের ওপরও জোর দেন। বৈঠকে উপস্থিত ছিলেন, এনসিপি নেতা আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, আতিক মুজাহিদ, আলাউদ্দিন মোহাম্মদ, হোমায়রা নূর ও সালমান রিফা।