পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের ট্রেনে ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

নিউজ ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৬

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের ট্রেনে ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

Boris Johnson

পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে একটি ট্রেনে রাশিয়া হামলা চালিয়েছে। এ হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। তারা হামলার কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়েই অন্য একটি ট্রেনে করে ইউক্রেনের রাজধানী কিইভ থেকে একটি বার্ষিক সম্মেলন শেষে ফিরছিলেন। তবে হামলার ঘটনায় কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ট্রেনের ইঞ্জিনে হামলা হয়েছিল। সব যাত্রীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রেলওয়ে অবকাঠামোতে হামলা চালিয়েছে, তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি ‘উকর্জালিজনিৎসিয়া’ বলেছে, খুব সম্ভবত এই ড্রোনের লক্ষ্য ছিল ‘কূটনৈতিক ট্রেন’।

এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ক্রমাগত হামলার হুমকির কারণে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। সেকারণেই ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে চলে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, যে ট্রেনে রুশ ড্রোন হামলা হয়েছে, সেটির যাত্রীদেরকে হামলার ঠিক ১৫ মিনিট আগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, ড্রোন হামলার সময় মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর সাবেক প্রধান ডেভিড পেত্রাউস ইয়াহোদিন স্টেশনে অন্য একটি ট্রেনে ছিলেন।

ইউক্রেন এবং পোল্যান্ড দুই দেশের কর্তৃপক্ষই জানিয়েছে যে, রাশিয়ার ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে আঘাত হেনেছে।

সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডটও কিইভের সম্মেলনে গিয়েছিলেন। কার্ল বিবিসি-কে জানান, তিনি যে ট্রেনে ছিলেন সেটির যাত্রীদের প্রথমে ট্রেন থেকে নেমে যাওয়ার (নিরাপদ স্থানে সরে যাওয়ার) প্রস্তুতি নিতে বলা হয়েছিল।

তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাদেরকে আবার যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর ট্রেনটি নিরাপদে পোল্যান্ডের সীমান্ত স্টেশন দোরোঙ্কুস্কে গিয়ে পৌঁছায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত