এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্কবার্তাকে পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্কবার্তাকে পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

Donald Trump

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা যে সতর্কবার্তা দিচ্ছেন, তাকে গুরুত্ব দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, “তারা এমন সব বিষয় তুলে ধরছে, যা ঘটবে না।”

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যানথ্রপিকের এক গবেষক এআই গবেষণা নিয়ে উদ্বেগ জানিয়ে পদত্যাগ করার পর বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। তার ভাষ্য, বর্তমানে যে গতিতে এআইয়ের উন্নয়ন চলছে তা অব্যাহত থাকলে “অদূর ভবিষ্যতেই আমরা সবাই মারা যেতে পারি, এমন সম্ভাবনা খুব জোরালো।”

বিবিসি লিখেছে, এআই শিল্পের প্রধানরাও ১২ সেপ্টেম্বর একই মত দিয়ে উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান।

আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। তবে সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেন, “এআই’তে আমরা চীনের চেয়ে এগিয়ে আছি… এবং সত্যি বলতে, আমি চাই এটি এমনই থাকুক, কারণ যে এআই’তে জিতবে, সেই জিতবে।”

ট্রাম্প যেদিন এ কথা বলেন, সেদিনই এআই গবেষক জ্যাকব কক্সন বিবিসিকে বলেন, এসব ব্যবস্থা উন্নয়নের সঙ্গে যারা যুক্ত, তারা মানবজাতির ভবিষ্যৎ নিয়ে ‘সত্যিই ভীত’।

কয়েক দিন আগেই অ্যানথ্রপিক ছেড়ে দেওয়া কক্সন এর আগে ওপেনএআইতেও কাজ করেছেন। তিনি এআই উন্নয়নের গতি কমানোর ভাবনাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেন, এটি বাস্তবায়নে চীনের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন হবে।

অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেই দুদিন আগে নিজের ওয়েবসাইটে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে এআই মডেলগুলোর উন্নয়নের গতি কমানোর আহ্বান জানান। এরপর তাতে সমর্থন জানান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

বিভিন্ন খাতে এআই-এর সুবিধার কথা স্বীকার করলেও এর দ্রুত বিকাশ এবং সমাজের ওপর এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে সতর্ক করেছিলেন আমোদেই।

তার ভাষ্য এআইয়ের কারণে মানবসভ্যতায় ‘মারাত্মক ঝুঁকি’ তৈরি হতে পারে। এর মধ্যে রয়েছে এআই সিস্টেমের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা, সাইবার হামলা ও বায়োটেররিজম (জৈবসন্ত্রাস) এবং বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়।

তবে এর উন্নয়ন পুরোপুরি বন্ধ করে দেওয়ার পক্ষেও তিনি নন। তার মতে, তাতে মানবজাতি এআইয়ের সুফল থেকে বঞ্চিত হতে পারে অথবা এ প্রযুক্তি কর্তৃত্ববাদী সরকারগুলোর হাতে চলে যেতে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত