আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট মামলা খারিজ

ঢাকা সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট মামলা খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়। শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী বলেন, “যথাযথভাবে আবেদন করা হয়নি বলে রিটটি খারিজ করে দিয়েছে আদালত।”

তবে আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করায় পরে অন্য কোনো বেঞ্চে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে।

গত ৭ সেপ্টেম্বর দায়ের করা এ রিট আবেদনে রুল জারির আরজি এবং রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছিল।

রিট আবেদনটি গত সোমবার হাই কোর্টের একই বেঞ্চের কার্যতালিকায় থাকলেও সেদিন শুনানি হয়নি।

২০২৫ সালের মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে ওই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত