নিউইয়র্কে হবিগঞ্জ জেলার ৯ সংগঠনের সম্মিলিত ইফতার অনুষ্ঠিত

আনিসুর রহমান

০৯ মার্চ ২০২৬

নিউইয়র্কে হবিগঞ্জ জেলার ৯ সংগঠনের সম্মিলিত ইফতার অনুষ্ঠিত

ইফতার মাহফিলের আয়োজক অ্যাটর্নি মঈন ও ওয়াসি চৌধুরীর সাথে হবিগঞ্জ জেলার ৯ সংগঠনের নেতৃবৃন্দ। ছবি-জাগো প্রহরী

ইফতার মাহফিলের মধ্য দিয়ে নিউইয়র্কে হবিগঞ্জবাসীর জেলা ও উপজেলা পর্যায়ের ৯ সংগঠনকে ঐক্যবদ্ধ করার বিশেষ একটি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। ‘প্রবাসের স্বপ্ন পূরণে ঐক্যের বিকল্প নেই’ তথা পারস্পরিক সহযোগিতার দিগন্ত যত মজবুত হবে ততই ফেলে আসা প্রিয় প্রতিবেশীদের এবং সুদূর এই প্রবাসেও কষ্টে নিপতিতদের কল্যাণের পথ সহজ হবে। এমন আকুতিতেই ৮ মার্চ হবিগঞ্জ জেলার সকল সামাজিক সংগঠনের অংশগ্রহণে আমেরিকায় সর্বপ্রথম ‘সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হলো নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডে ‘জয়া পার্টি’ হলে। উদ্যোক্তা ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এবং ইমিগ্রেশন বিষয়ক খ্যাতনামা অ্যাটর্নি মঈন চৌধুরী ও তার ছোট ভাই বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য ওয়াসি চৌধুরী। তারা উভয়ে হবিগঞ্জের সন্তান। উল্লেখ্য, হবিগঞ্জের মত অন্যান্য জেলাতেও বহু সংগঠন রয়েছে, যদিও সকলেই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী। কিন্তু নেতৃত্ব নিয়ে কাড়াকাড়ির কারণে ক্রমান্বয়ে আঞ্চলিক সংগঠনসমূহে বিভক্তির রেখা বেড়েই চলছে।

বাংলাদেশের প্রায় সবগুলো জেলার মানুষই নিউইয়র্কে বাস করছেন। সে অনুযায়ী ৬০টি জেলা কমিটি থাকার কথা। কিন্তু বাস্তবে রয়েছে ১৭৫টিরও অধিক। এমনকি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ৩/৪ ভাগে কমিটি রয়েছে। এর ফলে কমিউনিটির সম্প্রীতির বন্ধন অটুট রাখা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এমন একটি চরম বাস্তবতার পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি মঈন চৌধুরী এবং ওয়াসি চৌধুরীর এই প্রয়াসকে সর্বমহলে সাধুবাদ জানানো হচ্ছে। অংশগ্রহণকারি নেতৃবৃন্দও দিপ্ত প্রত্যয়ে উচ্চারণ করেছেন সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধ থাকবেন। এক্ষেত্রে কোনো কিছুই বাধা হয়ে দেখা দেবে না। সবাই অ্যাটর্নি মঈন চৌধুরী এবং ওয়াসি চৌধুরীর এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং হবিগঞ্জ জেলাবাসী এখন থেকে সকল কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকবেন বলে অঙ্গিকার করেছেন।

Hobiganj-united iftar

সম্প্রীতি আর ঐক্যের জয়গানে শরিক হয়েছিলেন নিউইয়র্ক অঞ্চলে প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান ও সেক্রেটারি মোহাম্মদ আলী। তারাও হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকল জেলাবাসীকে এই প্রক্রিয়া অবলম্বনের আহবান জানিয়েছেন। বহুধা বিভক্ত কমিউনিটিতে ঐক্যের এই প্রয়াস সম্পর্কে অ্যাটর্নি মঈন চৌধুরী এ সংবাদদাতাকে বলেন, একই এলাকার বাসিন্দা হলেও অনেকে একজন আরেকজনের দিতে তাকাতেও দ্বিধা করতেন। সামাজিক অনুষ্ঠানাদিতেও আমন্ত্রণ জানাতেও এমন একটি বাজে অবস্থা ছিল। এসব কিছুর পরিসমাপ্তির ক্ষেত্রে আজকের এ সম্মিলিত ইফতার মাহফিল অপরিসীম ভূমিকা রাখবে। কারণ সকলেই পাশাপাশি বসে কুশলাদি বিনিময় এবং ইফতার ভাগাভাগি করেছেন। আশা করছি অন্য জেলার বিবাদ-বিভক্তির অবসানে হবিগঞ্জবাসীর এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে এবং তাহলেই আমাদের এই প্রয়াস সফল হবে।

হবিগঞ্জবাসীর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি আমির ফারুক তালুকদার এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, হবিগঞ্জ সোসাইটির সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম, নবীগঞ্জ থানা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি তাজুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, মাধবপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান নিয়াজ এম আনোয়ার এবং সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন, চুনারুঘাট এসোসিয়েশনের সভাপতি শাহ মো. তৌফিক মিয়া এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল আবেদিন মাসুম, লাখাই উপজেলা এসোসিয়েশনের সভাপতি ওয়াসি চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু এবং বাহুবল এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমেদ মকসুদ।

ইফতার মাহফিলের প্রাক্কালে মাওলানা ফায়েক আহমেদের নেতৃত্বে বিশেষ দোয়া এবং মাওলানা আব্দুল মুকিতের নেতৃত্বে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১