আনিসুর রহমান
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকায় নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট। ছবি-জাগো প্রহরী।
দ্বিধা এবং চরম অনিশ্চয়তা সত্বেও ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ে কাজের আগ্রহ নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির ডজনখানেক নেতা এখন বাংলাদেশে। এদের মধ্যে কয়েকজন মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। তবুও তারা হতাশ হননি। দলের স্বার্থে বিগত বছরসমূহের ত্যাগ-তিতিক্ষা অম্লান রাখতে তারা বদ্ধপরিকর। দলের সাথে সম্পর্ক টিকিয়ে রাখলে একসময় তার প্রতিদান পাবেনই-এমন বিশ্বাসে বলিয়ান নেতারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর সরহমান, গিয়াস আহমেদ এবং মিল্টন ভুইয়া। এছাড়াও রয়েছেন মোস্তফা কামাল পাশা বাবুল, জসীম ভূইয়া, এম এ সবুর, মৌলানা অলিউল্লাহ আতিকুর রহমান, জসিমউদ্দিন ভিপি, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা জাকির এইচ চৌধুরী, মো. শাহীন, রহমান বাবুল, মোহাম্মদ দিদার, মনিরুল ইসলাম, বিএনপি নেতা কাজী আসাদ উল্লাহ, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, লস্কর শরীফ, এবাদ চৌধুরী, এম এ কাইয়ুম, সিরাজুল ইসলাম প্রমুখ।

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামন্ডলীর সদস্য গোলাম ফারুক শাহীন এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন পৃথক পৃথকভাবে এ সংবাদদাতার কাছে বলেছেন, আমরা যারা বাংলাদেশে যেতে পারিনি তারা সকলেই নিজ নিজ এলাকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছি। স্বজনদের উদ্বুদ্ধ করছি কেন্দ্রে গিয়ে ধানের শীষের পক্ষে সরব থাকার জন্যে।

কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ ৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের আগে এ সংবাদতদাতাকে জানান, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই ফসল বিএনপির ঘরে উঠাতে সকলকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সরব থাকতে হবে। কারণ নানাবিধ ষড়যন্ত্র এখনো চলছে।