তুষারঝড়ের তান্ডবে প্রাণহানি বেড়ে ৬২

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে আরেকটি বোম্ব সাইক্লোন

অজিৎ ভৌমিক

২৯ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে আরেকটি বোম্ব সাইক্লোন

তুষারঝড়ে ক্ষত-বিক্ষত জনপদে আরেকটি ঝড়ের আতংক। ছবি-জাগো প্রহরী।

তিনদিনের প্রলয়ংকারী তুষারঝড়ের তান্ডব না কাটতেই আরেকটি ভয়ংকর শীতল ঝড় ধেয়ে আসছে ফ্লোরিডাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্টেট হয়ে নিউইয়র্ক এবং নিউইংল্যান্ড এলাকা তথা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয়। শনিবার সৃষ্ট এই ‘বোম্ব সাইক্লোন’ রবিবার (১ ফেব্রুয়ারি) হামলে পড়বে, এতে করে ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের তথ্য দিয়েছে জাতীয় আবহাওয়া দফতর। এই ঝড়ের তান্ডব পরদিন সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে।

সতর্কবার্তায় আবহাওয়াবিদরা উল্লেখ করেছেন যে, হিমাঙ্কের ১৯ ডিগ্রি নিচ দিয়ে অসহনীয় তাপমাত্রা চলার মধ্যেই আরেকটি ভয়ঙ্কর তুষারঝড়ের পূর্বাভাস যুক্তরাষ্ট্রের ২২ কোটির অধিক মানুষকে বিচলিত করেছে। ফ্লোরিডা থেকে টেক্সাস-আলাবামা-টেনেসি-ভার্জিনিয়া-ক্যারলিনা-ওয়াশিংটন ডিসি-পেনসিলভেনিয়া-নিউজার্সি-নিউইয়র্ক-কানেকটিকাট-ম্যাসেচুসেটস-নিউ হ্যামশায়ার-রোড আইল্যান্ড-মেইন হয়ে তা কানাডায় পাড়ি দেবে। এ সময় ৩০ মাইল থেকে ৭০ মাইল বেগে তুষারঝড়ের আভাসও দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহান্তের (২৪-২৬ জানুয়ারি) তুষারঝড়ে ১৫টি রাজ্যে ৬২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে সবচেয়ে বেশী ১১ জনের মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। অপর রাজ্যগুলোর মধ্যে ইন্ডিয়ানায় মৃত্যু হয়েছে ৯ জনের, লুইঝিয়ানা, টেনেসি এবং টেক্সাসে ৮ জন করে, মিসিসিপি ও পেনসিলভেনিয়ায় ৪ জন করে, আরকানসাস ও ম্যাচেসুসেটস স্টেটে ২ জন করে; ক্যানসাস, কেন্টাকি, মিশিগান, নিউজার্সি, ওহাইয়ো এবং সাউথ ক্যারলিনা স্টেটে একজন করে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে তুষারে ঢাকা গাড়ি উদ্ধারের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এছাড়া তুষারঝড়ের তান্ডবে সর্বমোট ১৯ হাজার ফ্লাইট (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক) বাতিল বা বিলম্বিত হয়েছে।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, ওই তিনদিনের লাগাতার তুষারঝড়ে ক্ষতির পরিমাণ হবে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার। তুষারপাতের তান্ডবে বাংলাদেশি আমেরিকানরাও মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন। ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছিল। বরফ সরিয়ে কেউ কেউ দোকান খোলার চেষ্টা করছিলেন। এ অবস্থার মাঝেই আরো ভয়ংকর বোম্ব সাইক্লোনের আভাস পেয়ে হতবিহ্বল অধিকাংশ আমেরিকান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১