আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬
El Menco
মেক্সিকোর ভয়ঙ্কর হালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের নেতা নেমেসিও ওসেগেরা সের্বান্তেস, যিনি ‘এল মেনচো’ নামেই বেশি পরিচিত, সেনাবাহিনীর এক অভিযানে নিহত হয়েছেন। এই ঘটনা মেক্সিকোজুড়ে এক চরম বিশৃঙ্খলা ও সহিংস সংঘাতের সূত্রপাত করেছে। তার মৃত্যুর পর অন্তত ২০টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতা শুরু হওয়ার পর থেকে হালিস্কো রাজ্যে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন।
ওসেগেরা সের্বান্তেস ছিলেন শক্তিশালী ‘হালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান। সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর অন্যতম প্রধান মাদক পাচারকারী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করা এই মাদক চক্রটি যুক্তরাষ্ট্রে মেথামফেটামিন এবং ফেন্টানিল পাচারের মূল পক্ষ হিসেবে ভূমিকা রাখছিল।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম যখন মাদক পাচার বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন, ঠিক তখনই এই অভিযানটি চালানো হলো। এছাড়া মাত্র কয়েক মাস পরেই হালিস্কোর রাজধানী গুয়াদালাজারা শহরে ২০২৬ ফিফা বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু শহরটিজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা এখন নতুন করে নিরাপত্তা প্রশ্নের জন্ম দিচ্ছে।
যেভাবে পরিচালিত হয় অভিযান :
বহু বছর ধাওয়া করার পর ২০শে ফেব্রুয়ারি মেক্সিকান বাহিনী নেমেসিও ওসেগেরা সের্বান্তেসের অবস্থান সম্পর্কে একটি সুনির্দিষ্ট তথ্য পায়। প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা ট্রেজোর ভাষ্য, তদন্তের মাধ্যমে তারা ওসেগেরা সের্বান্তেসের প্রেমিকার এক ‘বিশ্বস্ত লোক’-এর সন্ধান পান, যে কি না মাদক সম্রাটের গোপন আস্তানায় পৌঁছানোর চাবিকাঠি ছিল।
পরদিন ওই প্রেমিকা হালিসকো রাজ্যের টাপালপা শহরের নিকটবর্তী ওসেগেরার কেবিন কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেও ‘এল মেনচো’ তার দেহরক্ষীসহ সেখানে থেকে যান। পরের ২৪ ঘণ্টার মধ্যে মেক্সিকান বিশেষ বাহিনী ও ন্যাশনাল গার্ডের ‘স্পেশাল ইমিডিয়েট রিঅ্যাকশন ফোর্স’ চূড়ান্ত অভিযানের পরিকল্পনা সাজায়। সন্দেহ এড়াতে অভিযানে হেলিকপ্টারের সীমিত ব্যবহার করে স্থলবাহিনীকে বেশি প্রাধান্য দেওয়া হয়।
বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, রোববার সকালে টাপালপার কেন্দ্রস্থলে সেনাবাহিনীর বেশ কিছু ইউনিট মোতায়েন করা ছিল। প্রেসিডেন্ট শেইনবাউম জানিয়েছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য শেয়ার করলেও কোনো স্থলবাহিনী পাঠায়নি।
নিরাপত্তা বাহিনী যখন আস্তানাটি ঘিরে ফেলে অগ্রসর হচ্ছিল, তখন ওসেগেরার প্রথম ধাপের নিরাপত্তারক্ষীরা গুলি ছুড়তে শুরু করে। টাপালপা কান্ট্রি ক্লাবের কাছে ‘কাবাহাস লা লোমা’ নামক একটি পর্যটন কেন্দ্রে দুপক্ষের মধ্যে এ লড়াইটি হয়।