নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৬
ডেমোক্র্যাট চেয়ারম্যান পদে জয়ী নিহাল রহিম।
টেক্সাসে সাউথ টেক্সাস রিফ্যুজি কাউন্টি’র ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবে পুনরায় জয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান নিহাল রহিম। দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচন গত ৩ মার্চ অনুষ্ঠিত হয় এবং ডেমোক্র্যাটিক পার্টির চূড়ান্ত মনোনয়নের লড়াইয়ে জয়ী হওয়ার অর্থই হচ্ছে মূল নির্বাচনে বিজয়ী হওয়া। কারণ এলাকাকাটিতে তালিকাভুক্ত ভোটারের সিংগভাগই ডেমোক্র্যাট। উল্লেখ্য, চট্টগ্রাম অঞ্চলের সন্তান নিহাল রহিম ২০২১ সাল থেকেই কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। আরো উল্লেখ্য, টেক্সাস স্টেটের সিনেট, ও কংগ্রেস নির্বাচনে এই কাউন্টির ভূমিকা অপরিসীম হওয়ায় ডেমোক্র্যাটদের নজরে বাংলাদেশিরাও বিশেষ এক অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন।
ব্যক্তিগতভাবে সদালাপি নিহাল রহিম আবাসন ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশেও রয়েছে তার মোটা অংকের বিনিয়োগ। এজন্য কয়েক বছর আগে বাংলাদেশ সরকার নিহাল রহিমকে সিআইপি (কমার্শিয়ালি ইমপোর্টেন্ট পার্সন) মর্যাদায় ভূষিত করেছে। বাংলাদেশ ব্যাংকের পুরস্কারও পেয়েছেন নিহাল রহিম। মেক্সিকান এবং সেন্টাল আমেরিকান ছাড়াও শ্বেতাঙ্গ আমেরিকান অধ্যুষিত এই কাউন্টিতে ডেমোক্র্যাটিক পার্টির উদীয়মান সংগঠক হিসেবে নিহাল রহিমের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় নিকট ভবিষ্যতে মূলধারার জাতীয় নির্বাচনে চমক দেখানোর মতো পরিস্থিতি তৈরী হতে পারে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।