আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৬
Presidents Trump and Pezeskian
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মুখে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোর কাছে ইরান ‘আত্মসমর্পণ’ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ৭ মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প।
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। তবে পেজেশকিয়ান তার বক্তব্যে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, ওই দেশগুলো থেকে ইরানে হামলা না হলে তেহরান তাদের হামলা করবে না।
ট্রাম্প তার পোস্টে পেজেশকিয়ানের বক্তব্য ইঙ্গিত করে বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে ইরান এবং তাদের ওপর আর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প আরও বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু এখন তারা আশপাশের দেশগুলোর কাছে পরাজিত হয়েছে।’
তার ভাষায়, হাজার বছরের ইতিহাসে এই প্রথম ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে পরাজিত হয়েছে এবং বহু বছর এমনই থাকবে—যতক্ষণ না তারা আত্মসমর্পণ করে বা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে।
তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকে ধন্যবাদ জানিয়েছে এবং তিনি তাদের স্বাগতম জানিয়েছেন।
পোস্টে ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের ‘লুজার’ অ্যাখ্যা দিয়ে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানান। তিনি বলেন, এসব গোষ্ঠী এখন পর্যন্ত হামলার তালিকায় ছিল না।