আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৬
President Trump
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।’ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প একথা বলেন।
পোস্টে তিনি লেখেন, “এর পর (নিঃশর্ত আত্মসমর্পণ) এবং (ইরানের) একজন মহান ও গ্রহণযোগ্য নেতা বা (নেতাদের) বাছাই করা হয়ে গেলে আমরা এবং হয়ত আমাদের অসাধারণ, সাহসী মিত্র ও অংশীদাররা মিলে অক্লান্তভাবে কাজ করে যাব
“ইরানকে ধ্বংস থেকে ফিরিয়ে আনতে, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে আরও বড় এবং ভাল করাসহ আগের যে কোনও সময়ের চেয়ে আরও শক্তিশালী করে তুলতে।
“ইরান একটি দারুণ ভবিষ্যৎ পাবে। ‘মেইক ইরান গ্রেট অ্যাগেইন’ (মিগা)!”
এর এক দিন আগে গত ৫ মার্চ টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, তার ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখা উচিত।
যুদ্ধের প্রথম দিন নিহত হওয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত কে হবেন—সে প্রক্রিয়ায় জড়িত থাকার এই ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প।
এবার ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করতে বলার ট্রাম্পের দাবি পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।