আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে বলেছেন, “আমি একটি নিরাপদ জাতি চাই এবং আমরা সেটাই পেতে যাচ্ছি। আমি শুধু জনগণের স্বাধীনতা চাই।” ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ সামরিক অভিযান শুরু করে এ বার্তা দেন ট্রাম্প।
এর আগে ‘ট্রুথ সোশ্যালে’ এক ভিডিওতে তিনি ইরানের জনগণকে তাদের সরকার পতনের জন্য উৎসাহ দেন। ট্রাম্প তখন বলেন, “এটি (সরকার পতন) সম্ভবত আপনাদের আগামী কয়েক প্রজন্মের মধ্যে একমাত্র সুযোগ হতে যাচ্ছে।”
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার এ তথ্য জানিয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন, ‘‘এখন পর্যন্ত ২০টিরও বেশি প্রদেশ হামলার শিকার হয়েছে।’’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার সঙ্গে জড়িত সব স্থাপনা এখন ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর ‘‘বৈধ লক্ষ্যবস্তুতে’’ পরিণত হবে।